ফিফার পক্ষপাতের অভিযোগ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন কোচ

০৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা রেফারি বা আয়োজকদের কাছ থেকে বিশেষ সুবিধা পায় এমন পুরোনো বিতর্ক আবারও সামনে এসেছে। তবে কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের আগে এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

মায়ামিতে সংবাদ সম্মেলনে স্ক্যালোনিকে ফিফার পক্ষ থেকে আর্জেন্টিনাকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভিত্তিহীন দাবি ছড়িয়ে পড়ে, যা বাস্তবতার প্রতিফলন নয়।

স্ক্যালোনির ভাষ্য, কোনো দল ধারাবাহিকভাবে ভালো খেললে বা জিতলে এমন অভিযোগ ওঠা অস্বাভাবিক নয়। তবে এসব গুজবকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান তিনি।

আর্জেন্টিনা কোচ বলেন, বর্তমান দলের সাফল্যের পেছনে কোনো বিশেষ সুবিধা নয়, বরং খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দলের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রমই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির একটি ফাউলের ঘটনায় রেফারি কার্ড না দেখানোকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়। পরে এ বিষয়ে ফিফার কাছেও অভিযোগ জানায় আলজেরিয়া, যা বিতর্ককে আরও উসকে দেয়।

এদিকে, বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।