০৩ জুলাই, ২০২৬
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে পৃথক অভিযানে চারটি নৌকা, জাল ও বিপুল পরিমাণ কাঁকড়াসহ ১০ জেলে আটক করেছে বনরক্ষীরা। আটক এসব জেলেদের নামে বন আইনে মামলা দিয়ে শুক্রবার বিকালে আদালতের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হচ্ছে, বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯), সেলিম মল্লিক (২২), সালাম মল্লিক, এনামুল কবির (৪৩),আবু আনছার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫), আনোয়ার গাজী (৭০)। এসব জেলেদেও বাড়ী বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা বৃহস্পতিবার রাতে সুন্দরবনে পৃথক পৃথক অভিযান চালায়। এসময়ে জোংড়া টহল ফাড়ি এলাকায় ২টি নৌকাসহ ৪ জেলে, করমজল এলাকায় একটি নৌকাসহ ৩ জেলে ও ঢাংমারী এলাকায় নৌকাসহ ৩ জেলেকে আটক করা হয়। এ সময় ১০টি ক্যারেটে ভরা দুই শতাধিক কেজি কাকড়া জব্দ করা হয়েছে।
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরাসহ তিন মাস সব ধরণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার রাতে আটক এই ১০ জেলে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাকড়া শিকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক জেলেদের কাছ থেকে জব্দ করা কাঁকড়া খুলনা ফরেষ্ট ঘাটের কাছে রুপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।