০৩ জুলাই, ২০২৬
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে কামাল উদ্দিন (৪৪) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিন উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিয়মিত পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করতেন। অভিযোগ রয়েছে, তিনি প্রায়ই তার ৮০ বছর বয়সী মাকে মারধর করে মাটিতে ফেলে রাখতেন। এছাড়া নেশাগ্রস্ত অবস্থায় নিজের মেয়ের সঙ্গেও অশোভন আচরণ করতেন, যার ফলে তার স্বাভাবিক জীবনযাপন ও লেখাপড়া ব্যাহত হচ্ছিল।
অভিযানের সময় বৃদ্ধা মা ও তার মেয়ে দীর্ঘদিনের নির্যাতনের বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে ধরেন। এ সময় কামাল উদ্দিনের বসতঘর থেকে মাদক সেবনের বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়।
অভিযোগের সত্যতা, উদ্ধার হওয়া আলামত এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট আইনে কামাল উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়