০৪ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে লিংক রোডে এ অবরোধ করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে লিংক রোড অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী ও এলাকাবাসীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ফতুল্লা ইউনিয়ন ও সিটি করপোরেশনের প্রায় ৬০০টি ভ্যানগাড়ি দিয়ে বাসা-বাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকায় মার্কাজ রোডের একটি বেসরকারি স্থানে ডাম্পিং করেন। এসব গাড়ির চাকায় বা বডিতে কোনো সমস্যা দেখা দিলে রিয়াগোপ স্টেডিয়ামের সামনে সড়কের পাশে মেরামত করা হয়।
তারা অভিযোগ করেন, গত বুধবার বিকালে কয়েকটি গাড়ি মেরামতের সময় লামাপাড়া এলাকার হিমেল নামে এক ব্যক্তি সড়কের পাশ থেকে গাড়ি সরিয়ে নেওয়ার কথা বলেন। একপর্যায়ে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিমাংসায় বসেন উভয়পক্ষ। সেই মীমাংসা বৈঠকে হিমেলসহ অন্য ১০ থেকে ১২ জন পরিচ্ছন্নতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করেন। তখন গণ্যমান্য ব্যক্তিরা পরিচ্ছন্নকর্মীদের আইনের সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শ দিয়ে চলে যান। পরে এই ঘটনায় শুক্রবার পরিচ্ছন্নতাকর্মীরা লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ শুনেছি, তাদের আইনগত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। পরে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে চলে যান।