০৪ জুলাই, ২০২৬
বিশ্বকাপের মহারণ। মুখোমুখি আর্জেন্টিনা ও কেপ ভার্দে।
মাঠের উত্তাপ যখন ফুটবলপ্রেমীদের ছুঁয়ে যাচ্ছে, ঠিক তখনই বাগড়া দিল প্রকৃতি। রাউন্ড অব থার্টি-টুর এই ম্যাচটি মাঠে গড়ানোর মাত্র কয়েক ঘণ্টা আগে মায়ামি শহরে জারি করা হয়েছে ঝড়ের সতর্কতা।
সব ঠিক থাকলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় আজ রাত ৪টা) রেফারি শুরুর বাঁশি বাজাবেন। কিন্তু ফুটবলারদের পায়ের জাদুর আগেই মায়ামির আকাশে শুরু হয়েছে মেঘ-রোদের কানামাছি খেলা।
আজ সকাল থেকেই শহরটির আকাশ ছিল মেঘলা, মাঝেমধ্যে ধূসর মেঘের চোখ রাঙানিও মিলেছে। আবহাওয়া অফিস বলছে, বিকেলে আর্দ্রতা বাড়ার পাশাপাশি সাময়িক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আসল ভয়ের কারণ বৃষ্টি বা ঝড় নয়, আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মূলত ‘বজ্রপাত’।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান গুমোট পরিস্থিতির কারণে ম্যাচের আগের সময়টায় আবহাওয়ার ওপর কড়া নজর রাখছে কর্তৃপক্ষ।
কারণ, মার্কিন প্রশাসনের প্রোটোকল বেশ কড়া। স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি একবারও বিজলি চমকায় বা বজ্রপাত শনাক্ত হয়, তবে সঙ্গে সঙ্গে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত করতে হবে। মাঠ থেকে ফুটবলারদের সরিয়ে নেওয়ার পাশাপাশি গ্যালারির দর্শকদেরও পাঠানো হবে নিরাপদ আশ্রয়ে।
বিপত্তি এখানেই শেষ নয়। ওই ৩০ মিনিটের ভেতর যদি দ্বিতীয়বার বজ্রপাত হয়, তবে সময় গণনা (ক্লক) আবার একদম শূন্য থেকে শুরু হবে! অর্থাৎ, ম্যাচ ঠিক কতক্ষণ বন্ধ থাকবে, তা বলা পুরোপুরি অসম্ভব।
সবকিছুই তখন সুতোয় ঝুলবে প্রকৃতির ইশারায়। অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর খেলা যদি আবার শুরুও হয়, তবে ফুটবলাররা মাঠে নামার আগে নিজেদের গা গরম করার জন্য মাত্র ৫ মিনিট সময় পাবেন।