০৪ জুলাই, ২০২৬
লিওনেল মেসির গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল আলবিসেলেস্তেরা। তবে বিরতির পর গোল শোধ করে কেপ ভার্দে। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি। ফলে অতিরিক্ত সময়ে গড়িয়েছে ম্যাচ। আর অতিরিক্ত সময়ের শুরুতেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। দুর্দান্ত খেলে আবার সেই গোল শোধ করেছে কেপ ভার্দে।
মায়ামির হার্ড রক স্টেডিয়াম ম্যাচের শুরুতে ইতিবাচক বার্তা দেয় কেপ ভার্দে। প্রথম ১০ মিনিট আর্জেন্টিনাকে কোনো সুযোগ দেয়নি তারা। এতে গোল ছাড়াই হাইড্রেশন ব্রেকে যায় আলবিসেলেস্তেরা।
এরপর ম্যাচের ২৯ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান মেসি।
এটি বিশ্বকাপে সব মিলিয়ে মেসির ২০তম গোল। আর চলতি বিশ্বকাপে ৭ম। আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯ মিনিটে গোলের দেখা পায় কেপ ভার্দে। ডি বক্সের ভেতরে পাওয়া বল এমিলিয়ানো মার্টিনেজের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ান লারোস দুয়ার্ত।
ম্যাচের ৬৩ মিনিটে লিওনেল মেসি একেবারে একা গোলমুখে ছুটে গিয়েছিলেন। গোলের দারুণ সুযোগও তৈরি হয়েছিল তার সামনে। কিন্তু কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া অসাধারণ ক্ষিপ্রতায় মেসির শট ঠেকিয়ে দেন দুর্দান্ত এক সেভে।
এরপর আরও একবার মেসিকে হতাশ করেন ভোজিনিয়া। ৭৩ মিনিটে নেওয়া ফ্রি-কিক বুদ্ধিদীপ্তভাবে আটকে দেন। শেষ পর্যন্ত ১-১ সমতায় থেকে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ করে দু'দল।
ম্যাচের ৯৩ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ। এতে আবারও লিড পায় আর্জেন্টিনা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। অবিশ্বাস্য এক গোল করে আবারও ম্যাচে সমতা ফেরায় কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের ১০৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন সিডনি ক্যাব্রাল।