০৪ জুলাই, ২০২৬
অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগ তুলে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের তিন ব্যক্তি এ অভিযোগ দাখিল করেন। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারীরা সকালে থানায় গিয়ে লিখিত আবেদন জমা দেন। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগপত্রে বলা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে শহীদ ও আহতদের আত্মত্যাগ রয়েছে। কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি আন্দোলন ও সংশ্লিষ্ট ঘটনাকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড করেছেন বলে দাবি করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, শান্তা ফারজানা নামে একজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে বলে দাবি করা হয়।