০৪ জুলাই, ২০২৬
লিওনেল মেসির জন্মদিনে আবেগঘন একটি চিঠি লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল আট বছরের শিশু মানু লিটউই। এবার সেই চিঠিই বদলে দিল তার জীবন। স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রে ২০২৬ বিশ্বকাপ দেখতে যাওয়ার সুযোগ পেয়েছে ছোট্ট এই আর্জেন্টাইন ফুটবলপ্রেমী।
আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল ওল্গার ‘সিরি আ ইনক্রেডিবল’-তে নিজের হাতে লেখা চিঠি নিয়ে হাজির হয়েছিল মানু। সেখানে সে নিজের প্রিয় ফুটবলার লিওনেল মেসির উদ্দেশে লেখা চিঠিটি পড়ে শোনায়।
চিঠিতে মানু লিখেছিল, ‘প্রিয় লিও, আজ তোমার জন্মদিন। তাই তোমাকে একটি চিঠি লিখলাম। আশা করি এটি তোমার কাছে পৌঁছাবে। তোমাকে না জানিয়ে দিনটি শেষ করতে চাইনি, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ।’
আর্জেন্টিনোস জুনিয়র্সের বয়সভিত্তিক দলে খেলা মানু চিঠিতে শুধু মেসির ফুটবল নৈপুণ্যের প্রশংসাই করেনি, তার মানবিক গুণের কথাও তুলে ধরে।
সে লিখেছিল, ‘তোমাকে খেলতে দেখলে মনে হয় তুমি আর বল যেন এক হয়ে যাও। এটা সত্যিকারের জাদুর মতো। কিন্তু তোমার খেলাই শুধু নয়, মানুষ হিসেবে তুমি যেমন, সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তুমি সবসময় সতীর্থদের সাহায্য করো, কঠিন সময়েও কখনো হাল ছাড়ো না।’
চিঠিটি ভাইরাল হওয়ার পর আর্জেন্টিনা দলের অধিনায়কের একটি বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠান মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে অনুষ্ঠানে সঞ্চালক পাউলা চাভেস মানুর উদ্দেশে আরেকটি চিঠি পড়ে শোনান।
চিঠিতে লেখা ছিল, ‘আজ থেকে তুমি আর একা স্বপ্ন দেখবে না। আমরা চাই এই গল্পের পরের অধ্যায়টি তোমার সঙ্গে লিখতে। তাই তোমাকে এবং তোমার পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে গিয়ে তোমার প্রথম বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
এর ফলে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছে মানু। একই সঙ্গে নিজের সবচেয়ে বড় স্বপ্ন—লিওনেল মেসির সঙ্গে সরাসরি দেখা করার আশাও পূরণ হতে পারে তার।
একটি আবেগঘন চিঠির মাধ্যমে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় ছুঁয়ে যাওয়া এই ছোট্ট ভক্ত এবার বিশ্বকাপে প্রিয় আর্জেন্টিনা দলকে গ্যালারি থেকে সমর্থন জানাতে প্রস্তুত।
সূত্র:লা নাসিওন