০৪ জুলাই, ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। এফডিসিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।
শুক্রবার অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে ভোট দিতে আসেননি দেশসেরা নায়ক শাকিব খান। সে নিয়ে আলোচনা চলছে। কেন তিনি ভোট দিতে এলেন না, জানতে চাইছেন অনেকে।
খোঁজ নিয়ে জানা গেল, দেশেই নেই শাকিব। তিনি আবারও যুক্তরাষ্ট্রে গেছেন। বৃহস্পতিবার রাতের ফ্লাইটে দেশ ছেড়েছেন তিনি।
জানা গেছে, তার এবারের সফরের অন্যতম কারণ ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করা। আর্জেন্টিনার সমর্থক শাকিব প্রত্যাশা করছেন নিজের প্রিয় দল ফাইনালে খেলবে।
ঘনিষ্ঠ সূত্র জানায়, ফাইনালের টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে গ্যালারিতে বসেই বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখবেন এই জনপ্রিয় অভিনেতা।
অবশ্য শাকিব খানের যুক্তরাষ্ট্র সফর নতুন কিছু নয়। তিনি দেশটির স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র (গ্রিন কার্ড)ধারী হওয়ায় অভিবাসন-সংক্রান্ত নিয়ম মেনে নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয়। সেই আনুষ্ঠানিকতার পাশাপাশি এবার বিশ্বকাপ ফাইনাল দেখার পরিকল্পনাও তার সফরকে বিশেষ মাত্রা দিয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই নিউ জার্সির ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনাল ম্যাচের বিরতিতে আয়োজন করা হচ্ছে জমকালো হাফটাইম মিউজিক শো। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক পপ তারকা শাকিরা ও ম্যাডোনার। পাশাপাশি মঞ্চ মাতাতে পারে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসও।
তবে বিশ্বকাপ ফাইনাল দেখা ছাড়া এবারের যুক্তরাষ্ট্র সফরে শাকিব খানের অন্য কোনো পেশাগত বা ব্যক্তিগত কর্মসূচি রয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। একইভাবে দেশে ফেরার সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করেননি এই তারকা অভিনেতা।