১৪ বছরের পুরোনো বন্ধুকে বিয়ে করেছেন মৌসুমী

০৪ জুলাই, ২০২৬

দীর্ঘদিনের বন্ধুত্বকে পরিণয়ে রূপ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদের পর আব্দুল ওয়াদুদের সঙ্গে বিবাহ বন্ধন হন তিনি। দীর্ঘদিন আগে বিয়ে সারলেও খবরটি প্রকাশ্যে আসে সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হলে। 

বিয়ে ও মা হওয়ার সুখবর দিয়ে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।’ 

মৌসুমী আরও বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এজন্য স্বামীসহ এসেছি মা হওয়ার খবর দিতে।’ 

খবরটি গোপন রাখার কারণ জানতে চাইলে বলেন, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এই জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি, নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।’

গেল মার্চে রানার সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসে মৌসুমীর। সে সময় জানা যায়, স্বামীর পরকীয়ার জেরে ঘর ভেঙেছে তার। গত বছর নভেম্বর থেকে আলাদা থাকছেন তারা। মৌসুমীও বিষয়টি নিয়ে কুলুপ এঁটে ছিলেন মুখে। 

২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন রানা-মৌসুমী। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল বিয়ে। সে সময় মৌসুমী বলেছিলেন, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।