০৪ জুলাই, ২০২৬
বাংলাদেশে বিদ্যুতের দাম ক্রমাগত বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিংয়ের সমস্যা। এছাড়া ঝড়, বৃষ্টি ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক দিন বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হয় সাধারণ মানুষকে। এসব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় অনেকেই এখন বাসাবাড়িতে সোলার প্যানেল বসিয়ে 'হোম সোলার সিস্টেম' তৈরি করছেন। এটি একটি এককালীন বিনিয়োগ, যা দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সংকট থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি খরচের বোঝা কমায়। তবে সঠিক সোলার প্যানেল বেছে নিতে হলে বাড়ির বিদ্যুৎ মিটারের অনুমোদিত লোড এবং বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ।
১ কিলোওয়াট সোলার সিস্টেম: ছোট পরিবারের জন্য উপযুক্ত
যদি আপনার বাড়িতে মাসে ১২০ থেকে ১৫০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তবে ১ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেলই আপনার জন্য যথেষ্ট। এই সিস্টেমটি সাধারণভাবে প্রতিদিন ৪ থেকে ৫ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা বছরে প্রায় ১,৪০০ থেকে ১,৮০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।
৩ কিলোওয়াট সোলার সিস্টেম: মাঝারি পরিবারের জন্য আদর্শ
যাদের বাড়িতে মাসে ৩৬০ থেকে ৪৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়, তাদের জন্য ৩ কিলোওয়াট আওয়ার ক্ষমতার সোলার প্যানেল সবচেয়ে উপযুক্ত। এই সোলার সিস্টেম সাধারণত প্রতিদিন ১৩ থেকে ১৫ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। তবে ঋতুভেদে এর উৎপাদন কিছুটা কম-বেশি হয়, যেমন গরমকালে ১৫ ইউনিট পর্যন্ত উৎপাদন হলেও বর্ষাকালে তা ৫ থেকে ৬ ইউনিটে নেমে আসতে পারে এবং শীতকালে সাধারণত দৈনিক ১০ থেকে ১১ ইউনিট বিদ্যুৎ পাওয়া যায়।
৫ কিলোওয়াট সোলার সিস্টেম: বড় ব্যবহারকারীদের জন্য সেরা
যাদের বাড়িতে মাসে ৫০০ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ হয়, তাঁদের ৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতার সোলার প্যানেল বেছে নেওয়াই শ্রেয়। এই শক্তিশালী সিস্টেমটি প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যার ফলে মাসিক উৎপাদন হয় প্রায় ৬০০ থেকে ৭৫০ ইউনিট। এই ক্ষমতায় অনায়াসেই দুটি ১.৫ টনের এয়ার কন্ডিশনার চালানো সম্ভব। আবহাওয়া অনুযায়ী গরমকালে এটি ২৭ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দিতে পারে, আবার বর্ষাকালে ৬ থেকে ৮ ইউনিটের মধ্যে উৎপাদন সীমাবদ্ধ থাকতে পারে।
সোলার প্যানেল নির্বাচনের জরুরি টিপস
সঠিক সোলার প্যানেল বেছে নিতে প্রথমেই আপনার বিদ্যুৎ বিল থেকে বাড়ির অনুমোদিত লোড জেনে নিন। সরকারি নিয়ম অনুযায়ী, অনুমোদিত লোডের চেয়ে বেশি ক্ষমতার অন-গ্রিড সোলার সিস্টেম বসানো যায় না; এর জন্য আগে লোড বাড়ানোর আবেদন করতে হবে। মনে রাখবেন, প্রকৃত বিদ্যুৎ উৎপাদন মূলত আবহাওয়া, সূর্যের আলোর তীব্রতা, প্যানেলের দিক, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্যানেলের মানের ওপর নির্ভর করে। তাই কেনার আগে নিজের বিদ্যুৎ ব্যবহারের চাহিদা এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক ক্ষমতার সিস্টেম বেছে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।