বাড়িতে ঢুকে কুপিয়ে স্বর্ণালংকার লুট, মা-ছেলে গ্রেফতার

০৪ জুলাই, ২০২৬

বরিশালের সদরে ভিক্ষুক পরিচয়ে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে কুপিয়ে জখম করে স্বর্ণালংকার লুটের ঘটনায় মা ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাকৃতরা হলেন, রুমা বেগম (৪৫) ও তার ছেলে শাকিল (২৪)। তারা সদর উপজেলার চরমোনাইয়ে ইউনিয়নের ইছাগুড়া গ্রামের বাসিন্দা।

মামলার বাদী আশরাফ আলী সিকদার জানান, তার বোন সাফিয়া খাতুন বাড়িতে একা থাকতেন। প্রায় এক সপ্তাহ আগে রুমা বেগম ভিক্ষার অজুহাতে তার বোনের বাড়িতে যান। গত ‍বুধবার সন্ধ্যায় আইসক্রিম নিয়ে আবারও সেই বাড়িতে যান রুমা। বাড়িতে যাওয়ার পর সুযোগ বুঝে আইসক্রিমে ঘুমের ওষুধ মিশিয়ে তার বড় বোনকে খাওয়ানো হয়।

এতে তার বোন অচেতন হয়ে পড়েন।

অভিযোগপত্রে বলা হয়েছে, অচেতন হওয়ার পর একপর্যায়ে সাফিয়া খাতুনের কানে থাকা স্বর্ণের ঝুমকা খুলে নেওয়ার সময় তিনি জেগে ওঠেন। তিনি রুমা বেগমকে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে টান দিয়ে তার কান ছিঁড়ে ঝুমকা নিয়ে নেয়।

পরবর্তীতে গলা চেপে ধরে আরও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে বটি দিয়ে সাফিয়ার পেটে আঘাত করা হলে তিনি চিৎকার শুরু করেন। পরে অভিযুক্তরা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা আহত সাফিয়া খাতুনকে উদ্ধার করে প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সুস্থ হওয়ার পর সন্দেহভাজনের ছবি দেখালে তিনি রুমা বেগমকে শনাক্ত করেন।

পরে স্থানীয়দের সহায়তায় মা ও ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক(তদন্ত) লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।