অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় দুই পুলিশ কারাগারে

০৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতার দেখিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই মো. খায়রুল বাশার ও সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলমাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

শনিবার (৪ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এর সত্যতা নিশ্চিত করেছেন। একই সাথে সোর্স মিরাজ ইসলাম শুভ ও মো. রানাকেও গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী সাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ফতুল্লা থানার এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুইজন সোর্সকে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের জন্য সুমা আক্তারের বাড়িতে যায়। ওই সময়ে তারা গহনা চুরি করে। ওই ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। সেই সাথে এজাহারের প্রেক্ষিতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়। পুলিশ এই ঘটনায় এস আই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম, সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানাকে গ্রেফতার করে। একই সঙ্গে এসআই ও কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত ২ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় এক বাড়িতে সোর্স নিয়ে সাদা পোশাকে মাদক বিরোধী অভিযান চালানোর সময়ে দুই সোর্সসহ দুই পুলিশকে গণপিটুনি দেয় লোকজন। এরপর জরুরি নাম্বারে থানায় ফোন করলে পুলিশ গিয়ে ৪ জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।