০৪ জুলাই, ২০২৬
বরিশালের নদীভাঙন প্রতিরোধে জরুরি ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার দুপুরে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ‘আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বক্তারা বলেন, বরিশাল সদর, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অব্যাহত নদীভাঙনে অসংখ্য পরিবার বসতভিটা হারিয়েছে। প্রতিবছর নদীগর্ভে বিলীন হচ্ছে কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এ অবস্থায় নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণসহ কার্যকর প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. আমিনুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেন, নদীভাঙন বরিশালের দীর্ঘদিনের সমস্যা। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে হাজারো মানুষ আরও বিপর্যয়ের মুখে পড়বেন। তিনি নদীভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ এবং জরুরি ভিত্তিতে কার্যকর প্রকল্প বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনটি সঞ্চালনা করেন আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সদস্য সচিব ইলিয়াছ আহমাদ। এ সময় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. সালাম রাঢ়ী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, বিএনপি নেতা ইসরাইল, হেমায়েত হোসেন মুরাদ, কাজী মো. জাহাঙ্গীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।