০৫ জুলাই, ২০২৬
গাজা যুদ্ধবিরতি চুক্তি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) অবিলম্বে বাস্তবায়নের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজা ও ইরানের এই শান্তি প্রক্রিয়া ও চুক্তিকে নসাৎ করার যেকোনো ধরনের অপচেষ্টা যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে।
প্রেসিডেন্ট সিসি জানান, গত অক্টোবরে শারম আল-শেখে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তি এবং সুইজারল্যান্ডে গত মাসে সম্পাদিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক—উভয়ই এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। তাই এ দুটি চুক্তি দ্রুত কার্যকর করার কোনো বিকল্প নেই। মধ্যপ্রাচ্যে চলমান এই ভূ-রাজনৈতিক সংকটের কারণে অর্থনৈতিকভাবে মিসর যে কতটা বিপর্যস্ত, সেই ভয়াবহ চিত্রও তিনি তুলে ধরেন।
মিসরীয় প্রেসিডেন্ট প্রকাশ করেন যে, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হুথি বিদ্রোহীদের উপর্যুপরি হামলার কারণে তার দেশ সুয়েজ খাল থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে। হুথি আক্রমণের ফলে উদ্ভূত এই অচলাবস্থায় মিসরের আর্থিক ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আঞ্চলিক সংঘাতের অবসান না হলে বিশ্ব বাণিজ্য এবং মিসরের অর্থনীতি আরও দীর্ঘমেয়াদি সংকটে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সূত্র: আল জাজিরা