‘এমডিবি ই-লোন’ চালু করল মিডল্যান্ড ব্যাংক

০৫ জুলাই, ২০২৬

গ্রাহকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল ঋণসেবা ‘এমডিবি ই-লোন’ চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকেরা মোবাইল অ্যাপ ব্যবহার করে দ্রুত, সহজ এবং শাখায় না গিয়েই ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশান-২ এ অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ ইউ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নজমুল হুদা সরকারসহ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধানরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে বাণিজ্যিকভাবে ই-ঋণ কার্যক্রম চালুর অংশ হিসেবে এই সেবা চালু করা হয়েছে। ‘এমডিবি ই-লোন’-এর আওতায় যোগ্য গ্রাহকেরা মিডল্যান্ড অনলাইন মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সর্বোচ্চ পরিশোধকাল নির্ধারণ করা হয়েছে ১২ মাস।

উদ্বোধনী অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ জানান, ‘এমডিবি ই-লোন’ চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য প্রযুক্তিনির্ভর, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাংক আরো এক ধাপ এগিয়ে গেল। উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।