০৫ জুলাই, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে মো. মহরম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-২। র্যাবের দাবি, তিনি তালিকাভুক্ত ছিনতাইকারী এবং মাদক কারবারের সঙ্গে জড়িত।
র্যাব-২ জানিয়েছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
র্যাবের ভাষ্য, মহরমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানায় ডাকাতি, চোরাই মাল গ্রহণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
আটকের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।