০৬ জুলাই, ২০২৬
শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটা হলো অনেকটা ম্যাড়ম্যাড়ে। লর্ডসে অনুষ্ঠিত এই ম্যাচে একক আধিপত্য দেখালো অস্ট্রেলিয়া নারী দল। ইংলিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়ার মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান তোলে ইংল্যান্ড। জবাবে ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় অজিদের।
নারী ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০টি আসরের মধ্যে আটটির ফাইনালই খেলেছে তারা। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে সাতবার। এদিকে একবার করে শিরোপা জেতার কীর্তি রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের।
১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৯ রান করে সাজঘরের পথ ধরেন জর্জিয়া ভোল। তবে তাতে কোনো সমস্যা হয়নি। দ্বিতীয় উইকেটে ওপেনার বেথ মুনি ও ফোবে লিচফিল্ডের ১০০ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় অজিরা। ৪৮ রান করে সাজঘরের পথ ধরেন লিচফিল্ড।
এদিকে ফিফটি পূরণ করতে পারলেও জয় নিয়ে ফিরতে পারেননি ওপেনার বেথ মুনি। আউট হওয়ার আগে করেন ৬৪ রান। এদিকে এলিস পেরি ও অ্যাশলে গার্ডনার মিলে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। ১৩ রানে পেরি ও ৩ রানে গার্ডনার অপরাজিত থাকেন।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ৬ রানে অ্যামি জোনস ও ৮ রানে ড্যনি ওয়াট সাজঘরের পথ ধরেন।
এরপর তৃতীয় উইকেটে চাপ সামলে নেন ন্যাট স্কিভার ব্রান্ট ও অ্যালিস ক্যাপসি। ২৩ রানে থামেন ক্যাপসি। আর ২ রান করেন হেথার নাইট। এদিকে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন স্কিভার ব্রান্ট ও ফ্রেইয়া ক্যাম্প। ফিফটি পূরণের পর ৫৮ রানে অপরাজিত থাকেন ব্রান্ট। আর ৪৪ রানের অপ্রতিরোধ্য ইনিংসটি খেলেন ক্যাম্প।
অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট নিয়েছেন চারজন বোলার।