০৬ জুলাই, ২০২৬
রাজধানীর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় একটি মাদরাসা থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু- তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
নিহত শিক্ষার্থীর নাম তাহমিদুল ইসলাম (১০)। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাজীপুর গ্রামের মো. শাহিন রেজার ছেলে। তাহমিদুল হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার আল-ফুরকান মসজিদ মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, এর আগে মাদরাসার ভেতরে একটি জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাহমিদুলকে দেখতে পান তার সহপাঠী ও অন্যরা। পরে তাকে দ্রুত বেটার লাইফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে রোববার ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা শাহিন রেজা পুলিশকে জানান, তার ছেলে আল-ফুরকান মসজিদ মাদরাসায় থেকে পড়াশোনা করত। কীভাবে তার মৃত্যু হলো, মাদরাসায় তাকে কোনো ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছিল কি না, কিংবা এটি হত্যাকাণ্ড কি না- এসব বিষয় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
পুলিশের ভাষ্য, শিশুটির মৃত্যুকে ঘিরে একাধিক সন্দেহের বিষয় রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থল পরিদর্শনকারী হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রামপুরা ডিআইটি রোডের বেটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।