ত্রিশালে ভিক্ষুক শফিকুলের পাশে ইউএনও

০৬ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর মানবিকতায় আড়াই ফুট উচ্চতা চার সন্তানের জনক হতদরিদ্র ভিক্ষুক শফিকুল ইসলামকে (৫৫) স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যবসা চালানোর জন্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের  শফিকুল দীর্ঘদিন ধরে ঢাকা শহরে ভিক্ষা করে জীবন-জীবিকা চালিয়ে আসছিলেন। বর্তমানে বয়স ও শরীর তেমন ভালো না থাকায় আর ভিক্ষা করতে পারছেন না। শারীরিক অসুস্থতা নিয়ে ফিরে আসেন স্ত্রী ও চার সন্তান নিয়ে গ্রামের বাড়িতে। বিষয়টি দৃষ্টিগোচর হয় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীর। তিনি রোববার দুপুরে শফিকুল ইসলামকে ডেকে নিয়ে আসেন তার কার্যালয়ে। তিনি শফিকুল ইসলামকে স্বাবলম্বী হওয়ার জন্য তার হাতে তুলে দেন  চায়ের দোকান চালানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী। এসব সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শফিকুল ইসলাম ও তার স্ত্রী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, মানবিক দিক বিবেচনা করে শফিকুল ইসলামকে চায়ের দোকানের সামগ্রী প্রদান করা হয়েছে, যাতে সে পরিবার নিয়ে চলতে পারে। তার পরিবারের সদস্যদের লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও । তার এই মানবিকতা যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ।