বাংলাদেশ সংস্কারবাদী পার্টির চেয়ারম্যান সোহেল, মহাসচিব নাজমুল

০৬ জুলাই, ২০২৬

বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) কাউন্সিলে মো. সোহেল রানা চেয়ারম্যান এবং মো. নাজমুল আলম মহাসচিব নির্বাচিত হয়েছেন। লায়ন মোহাম্মদ জাহিদ হোসেন পলাশকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) রাজধানীর মিরপুর ডিওএইচএস-সংলগ্ন একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত দলের পূর্ণাঙ্গ সাংগঠনিক সভা ও কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত নেতৃত্ব ৪ জুলাই, ২০২৬ থেকে ৪ জুলাই, ২০৩১ পর্যন্ত পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সভায় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ সংস্কারবাদী পার্টিকে আরো সুসংগঠিত, গণমুখী ও জনসম্পৃক্ত রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সভায় দলের গণসংযোগ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একাধিক অনলাইন নিউজ চ্যানেল চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সুলভ মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহের উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে দলের ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম বিশ্বাস, মো. হারুনুর রশিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, মোহাম্মদ তানজিল হোসেন মির্জা, মো. আবু হেলাল আল মামুন, আলীফ হোসেন বিপ্লব, মো. শাফি, মোহাম্মদ মিঠু, মোহাম্মদ রহিম শেখ, প্রখর মল্লিক, শফিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।