নওগাঁয় মাদকাসক্ত ছেলের হাতে বাবাকে খুন

০৬ জুলাই, ২০২৬

নওগাঁয় মাদকের টাকা না পেয়ে মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছেন।

সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ঘাতক সুমন কয়েক বছর ধরে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। রোববার (৫ জুলাই) রাতে সুমন তার বাবার কাছে ৫ হাজার টাকা চায়।

বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন হাতের কাছে থাকা একটি কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে মহাতাব সরকার মাটিতে লুটিয়ে পড়লে সুমন ইট দিয়ে পুনরায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সম্প্রতি ওই মহল্লায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। এতে এলাকার উঠতি বয়সী অনেকেই মাদক সেবনে জড়িয়ে পড়ছে।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’