০৭ জুলাই, ২০২৬
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ক্ষুদ্র মৎস্যচাষীদের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্যচাষে উৎসাহিত করতে তেলাপিয়া মাছের পোনা, ভাসমান খাদ্য, চুন ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় উপজেলার চারজন মৎস্যচাষীর মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, উপকারভোগী মৎস্যচাষী এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় চারজন মৎস্যচাষীর মধ্যে মোট ৪ হাজার ৮০০টি তেলাপিয়া মাছের পোনা, ৪০০ কেজি ভাসমান খাদ্য, ৮০ কেজি চুন এবং ১৬টি বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক মৎস্যচাষীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিতরণ করা উপকরণ যথাযথভাবে ব্যবহার করা হলে উৎপাদন বাড়বে এবং চাষিরা আরও লাভবান হবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের দেওয়া এ সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিতরণ করা ফলজ গাছের চারাগুলোরও সঠিক পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে হবে।