০৭ জুলাই, ২০২৬
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
পরে প্রজেক্টরের মাধ্যমে একটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেখানে বাংলাদেশের পল্লী উন্নয়নের অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাওছার, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
শেষে বিআরডিবির অধীনে সুফলভোগীদের মাঝে ঋণ ও পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করা হয়।