০৭ জুলাই, ২০২৬
দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম কমানো হয়েছে ১৯ টাকা ২২ পয়সা।
মঙ্গলবার (৭ জুলাই) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। যা কার্যকর হবে আজ রাত ১২টা থেকে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমানো হয়েছে ১৯ টাকা ২২ পয়সা।
এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৯৮০৮ ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৭ জুন দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। তখন আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১.০৮২৩ ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়।
অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি ক্রেতারা হলো- চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও ভবিষ্যতে চালুতব্য বিমানবন্দর।