০৭ জুলাই, ২০২৬
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক ও ইজিবাইকে মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার দুপুরে হরিণটানা পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- মো. শেখ দিদারুল হক (৩০) ও তাপস হোর (৬০)। তাদের বাড়ি পাইকগাছার হরিঢালী এলাকায়।
হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, বৃষ্টির মধ্যে পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ট্রাকসহ দুইটি ইজিবাইক রাস্তার পাশে উল্টে যায়।
এতে ইজিবাইকের একজন চালক ও যাত্রী নিহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।