ডিজিটাল রূপান্তরে গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ আনসার ও ভিডিপি

০৭ জুলাই, ২০২৬

দেশের ডিজিটাল রূপান্তর ও পরিচালনগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপির সঙ্গে পাঁচ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে গ্রামীণফোন। জাতীয় নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে নিয়োজিত এই বাহিনীর কার্যক্রমকে আরও আধুনিকায়ন ও প্রযুক্তি-নির্ভর করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই চুক্তির আওতায় গ্রামীণফোন তাদের দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার মাধ্যমে বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রশাসনিক ও অপারেশনাল যোগাযোগ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাবে। সম্প্রতি ঢাকার খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, এই পার্টনারশিপের মাধ্যমে আনসার ও ভিডিপির ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে সহযোগী হতে পেরে আমরা গর্বিত। অন্যদিকে, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাহিনীকে আরও কর্মতৎপর ও ভবিষ্যৎ-উপযোগী করে গড়ে তুলতেই এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।