দিনাজপুরে ৪ মাদকসেবীর জেল-জরিমানা

০৭ জুলাই, ২০২৬

মাদক সেবনের অভিযোগে দিনাজপুরের চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও জরিমানা দিয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ ও জরিমানা প্রদান করেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় থানার একটি মাদকবিরোধী অভিযানের সময় উপজেলার ইসবপুর ইউনিয়নের চক মানিক মন্ডলপাড়া গ্রামে মাদক সেবনের সময় আব্দুল মালেক (২৭), নয়ন ইসলাম (২৩) ও জালাল মন্ডল (৪০) নামে ৩ জনকে আটক করে।  

এরপর আটককৃত স্থানে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জালাল মন্ডল (৪০) কে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ও আব্দুল মালেক (২৭), নয়ন ইসলাম (২৩) কে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

একইদিন রাতে আব্দুলপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে মাদকসেবনের সময় মোমিনুল ইসলাম (২৭) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।  

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুন-নবী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।