বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরো দুই দিন, ভারি বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি

০৮ জুলাই, ২০২৬

মৌসুমি লঘুচাপের প্রভাবে সারা দেশে বিক্ষিপ্তভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে চলতি বর্ষা মৌসুমের রেকর্ড ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে চট্টগ্রামসহ পাঁচ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

একই সঙ্গে সারা দেশে বিক্ষিপ্তভাবে মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই পূর্বাভাস জানায়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ভারি বৃষ্টির প্রভাবে সারা দেশে নদ-নদীর পানি বাড়তে পারে।

গতকাল আবহাওয়া অফিস সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি স্থল নিম্নচাপ দুর্বল হয়ে মধ্যপ্রদেশ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ু দেশের ওপরে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

তারা জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশির ভাগ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনার অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।