রাতের আঁধারে ফ্লাইওভারে ঝরল এনসিপি নেতার প্রাণ

০৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামে লালখানবাজার-বহদ্দারহাট ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে ফ্লাইওভারের জিইসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই এনসিপি নেতার নাম তাজরিন ফায়াজ। তিনি নগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বাবা হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তাজরিন ফায়াজ নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, একটি ট্রাক নষ্ট হয়ে গেলে সেটিকে ফ্লাইওভারের ওপর রাখা হয়। আলোর স্বল্পতায় মোটরসাইকেল আরোহী ফায়াজ সেটি খেয়াল করার আগেই দ্রুত গতির মোটরসাইকেলটি ট্রাকে ধাক্কা লেগে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফায়াজের মৃত্যুর খবর শুনে এনসিপির পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের মাঝেও শোকের ছায়া নেমে আছে।

রাতেই হাসপাতালের মর্গে ছুটে যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি ফায়াজের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার ঘোষণা দেন।