০৮ জুলাই, ২০২৬
টানা প্রবল বর্ষণে বান্দরবানের থানচির নাফাখুম, আমিয়াখুম, তিন্দুসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া ৯০ পর্যটককে নিরাপদে থানচি সদরে ফিরিয়ে আনা হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থানচি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে বৃষ্টি থেমে গেলে নদীর পানি কমতে শুরু করে। এ সময় প্রশাসনের তত্ত্বাবধানে এবং ট্যুর গাইডদের সহায়তায় বিকালের মধ্যে তাদেরকে সদরে নিয়ে আসা হয়।
এদিকে, আমিয়াখুমে আটকে থাকা আরও ১৮ জনের একটি দল মঙ্গলবার দুপুরে সেখান থেকে রওনা হয়ে সন্ধ্যার পর থানচি উপজেলা সদরে পৌঁছায়। উদ্ধার হওয়া পর্যটকদের সবাই নিরাপদ এবং সুস্থ আছেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, ১০ জন গাইড নিয়ে রবিবার ৫ জুলাই সকালে পর্যটকদের একটি দল থানচি সদর থেকে রেমাক্রির উদ্দেশ্যে যাত্রা করে। পথে ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি দ্রুত বেড়ে গেলে পর্যটক বহনকারী নৌযানগুলো সেখানে আটকে যায়। এ অবস্থায় পর্যটকরা নাফাখুমের পাশে রেমাক্রি এলাকায় আশ্রয় নেয়।
তিন্দু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মংপ্রু অং মারমা জানান, আটকে পড়া পর্যটকরা সোমবার সন্ধ্যায় শিলাগিরি রিসোর্টে আশ্রয় নেয়।
তিনি জানান, মানবিক কারণে আটকে পড়া পর্যটকদের বিনামূল্যে রিসোর্টে থাকার ব্যবস্থা করা হয়েছে। সুলভমূল্যে তাদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে।