০৮ জুলাই, ২০২৬
মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার (৮ জুলাই) বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত যোগাযোগ বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে।
একইসঙ্গে কর্মী পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো ধরনের মেডিক্যাল টেস্ট বা এ বাবদ কোনো অর্থ লেনদেন থেকেও বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
রিক্রুটিং এজেন্টদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো এজেন্সি মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সঙ্গে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারবে না। এছাড়া পাসপোর্ট সংগ্রহ, মেডিক্যাল টেস্ট এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকেও রিক্রুটিং এজেন্টদের বিরত থাকতে কঠোর নির্দেশ দেয়া হয়।
মালয়েশিয়া গমন বা এ সংক্রান্ত যেকোনও বিষয়ে অভিযোগ অথবা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ (দেশ থেকে) এবং +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মালয়েশিয়া সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঙ্গে টেলিফোন নম্বর: +০২-৪১০৩০২৪১, ইমেইল: dsemployment1@probashi.gov.bd এবং মোবাইল: ০১৭১৬০৪৮১১৫ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে।
মঙ্গলবার (৭ জুলাই) প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়ে গেছে। তার বক্তব্যের পর ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এমন বিজ্ঞপ্তি জারি করেছে।