০৮ জুলাই, ২০২৬
রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে যাওয়ার পথে গাছের ডাল ভেঙে ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে চালক আব্দুল গফুর মিয়া (৫৫) নিহত হয়েছেন। তবে অটোরিকশায় থাকা পরীক্ষার্থীরা অক্ষত রয়েছেন।
বুধবার সকালে পীরগঞ্জ-নবাবগঞ্জ সড়কের টুকুরিয়া ইউনিয়নের টিউমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফুর মিয়া নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের বাসিন্দা এবং ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ৫ থেকে ৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হন আব্দুল গফুর মিয়া। টিউমারী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি গাছের বড় ডাল ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
অটোরিকশায় থাকা পরীক্ষার্থীরা অক্ষত থাকায় পরে তাদের বিকল্প ব্যবস্থায় পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।