চীনে কাঁঠাল রফতানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী

০৮ জুলাই, ২০২৬

বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের কাঁঠাল চীনে রফতানি করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চীনের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

বুধবার সংসদে ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) কামরুল হাসান মিলনের সম্পূরক প্রশ্নে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে কামরুল হাসান প্রশ্নে বলেছেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রচুর লেবু, আনারস এবং কাঁঠাল উৎপাদন হয়।

বড় বাজার রয়েছে। জাতীয় অর্থনীতিতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি সেখানে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা যায়।  

গত মাসে মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘কিছুদিন আগে চীন সফরে আমি দেশটির সঙ্গে চুক্তি সই করেছি।

আমাদের দেশের কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চীনের মানুষ খুব পছন্দ করে কাঁঠাল। ইনশাআল্লাহ আমরা চীনে কাঁঠাল রফতানি করবো। ’ 

প্রধানমন্ত্রী জানান, ‘‘মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘মালয় ফল ডোরিয়ান দেখতে অনেকটা কাঁঠালের মত।

মালয়েশিয়া প্রতি বছর চীনে এক বিলিয়ন ডলারের ডোরিয়ান রপ্তানি করে। ’ মালয়েশিয়া যদি পারে, ইনশাআল্লাহ আমরা কাঁঠালও রফতানি করতে পারবো। ইনশাআল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো। ’ 

এর আগে প্রধানমন্ত্রী জানান, ফুলবাড়িয়ায় আনারস প্রক্রিয়াজাতকরণে শিল্প করা হয়েছিল। কিন্তু বন্ধ হয়ে গেছে।

বন্ধ কারখানা চালুর উদ্যোগ রয়েছে সরকারের। পৃথক শিল্পাঞ্চল করার পরিকল্পনা নেই সরকারের।