০৮ জুলাই, ২০২৬
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে গোলাপ হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা মোখলেছার রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেতদিঘী ইউনিয়নের ভাটপাইল নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মোখলেছার রহমান ও তার ছেলে গোলাপ হোসেন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের আঘাতে বাবা-ছেলে দুজনই আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাপ হোসেনকে মৃত ঘোষণা করেন। মোখলেছার রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মণ্ডল বলেন, ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে বাবা-ছেলে আহত হন। হাসপাতালে নেওয়ার পর গোলাপ হোসেনের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।