ভক্ত ক্যানসার আক্রান্ত, যে পরামর্শ পপ গায়িকা রিয়ানার

০৯ জুলাই, ২০২৬

প্রিয় তারকাকে কাছে পেলে ভক্তদের উন্মাদনার শেষ থাকে না। কেউ তোলেন ছবি, কেউ করেন ভিডিও। অধিকাংশরাই মেকি হাসিতে পর্বটি সারেন। তবে কেউ কেউ অল্প সময়েই ভক্তের সঙ্গে মিশে যান স্বজনের মতো। মার্কিন পপ তারকা রিয়ানার ক্ষেত্রেও সেরকম দেখা গেল। মনের জোর বাড়াতে ক্যানসার আক্রান্ত ভক্তকে দিলেন পরামর্শ।  

একটি শপিং মলে ওই অনুরাগীর সঙ্গে দেখা হয় রিয়ানার। কেনাকাটা করছিলেন। পাশেই দাঁড়িয়েছিলেন ক্যানসার আক্রান্ত বয়স্কা ভক্ত। সাহস সঞ্চয় করে গায়িকার সঙ্গে ছবি তোলার আবদার করেন তিনি। বলেন, “আমাকে খুব খারাপ দেখাচ্ছে তাই না? আসলে আমি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি। আপনার সঙ্গে কি একটা ছবি তুলতে পারি?”

রিয়ানার উত্তর ছিল আরও আন্তরিক। অনুরাগীর কথা শেষ না হতেই কাছে টেনে নেন। এরপর তোলেন ছবি। ভক্ত জানান রিয়ান্নার নামের সঙ্গেও মিল রয়েছে তার। গায়িকার আসল নাম রবিন রিহানা ফেন্টি। মহিলা ভক্তের নাম রবিন। 

জবাবে হেসে দেন গায়িকা। রবিনকে পরামর্শ দিয়ে বলেন, “ভবিষ্যতে কারও সঙ্গে দেখা হলে আর কখনও নিজের সম্পর্কে এভাবে বলবে না। তুমি যেমন আছ, তেমনই দুর্দান্ত। তুমি নিজেই আগুন।”

এ সময় আবেগ আপ্লূত রবিন বলেন, “আমি কি আপনার এই কথাগুলো অন্যদের বলতে পারি?” রিয়ানার উত্তর ছিল ততটাই প্রাণবন্ত— “অবশ্যই। হুবহু বলবে।”

এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে মুহূর্ত। অসুস্থ ভক্তের সঙ্গে এমন আন্তরিকতায় মুগ্ধ নেটিজেনরা। বিভিন্ন রকম প্রশংসাসূচক মন্তব্যে তারা ভাসাচ্ছেন গায়িকাকে।