মানহীন খাদ্যপণ্য বাজারজাত, ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

০৯ জুলাই, ২০২৬

ল্যাবরেটরি পরীক্ষায় মানহীন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নিরাপদ খাদ্য আইনে দায়ের করা মামলাগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৮ জুলাই) ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২ জুলাই ডিএসসিসির জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষায় কয়েকটি পণ্য নির্ধারিত মানে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়। এরপর নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৬, ২৭, ৩৯ ও ৪১ ধারায় ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত-২-এ চারটি মামলা দায়ের করা হয়।

এদিন ঢাকা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদুল হক মামলাগুলো আমলে নিয়ে প্রত্যেক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিদেশি প্রতিষ্ঠান ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের উৎপাদিত ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং ‘ইস্ট কেক পুর পিঠা (ইনট্যাক্ট)’। এছাড়া বিদেশি প্রতিষ্ঠান আর বোটিং ফুড কোং লিমিটেডের উৎপাদিত ‘আর বোটিং ফুড স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং রাজধানীর বনশ্রীর ‘কাচ্চি সুলতান’ রেস্টুরেন্টের বাজারজাত করা ‘বোরহানী’ও মামলার আওতায় এসেছে।

ডিএসসিসি জানায়, পরীক্ষাগারে বিশ্লেষণে দেখা গেছে, বিদেশি দুটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট খাদ্যপণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন এ ধরনের খাদ্য গ্রহণ মানবদেহের জন্য ক্ষতিকর এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

ডিএসসিসির মুখপাত্র বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি, খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে মান যাচাই এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদক, আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে খাদ্য উৎপাদন ও বাজারজাত করতে হবে। জনস্বাস্থ্যের সঙ্গে আপস করার সুযোগ নেই এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।