দোষ স্বীকারেই নিষ্পত্তি, শিবচরে নিরাপদ খাদ্য মামলায় ৩ লাখ টাকা জরিমানা

০৯ জুলাই, ২০২৬

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় দায়ের করা মামলায় মাদারীপুরের শিবচর উপজেলার ৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্টের মালিককে ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) মাদারীপুরের বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৩ মে শিবচর বাজারের ৭১ রোডে অবস্থিত ‘৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্ট’-এ বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদ খাদ্য উৎপাদনের নির্ধারিত মানদণ্ড লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসময় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় রেস্তোরাঁটির স্বত্বাধিকারী মো. বাবুল মুন্সীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।

মামলার পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই আসামি মাদারীপুরের বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেনের আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

আসামি আদালতেই জরিমানার অর্থ পরিশোধ করলে মামলার কার্যক্রম নিষ্পত্তি করা হয়।

মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আল মামুন বলেন, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় দায়ের করা মামলায় আসামি আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে দোষ স্বীকার করেন। আদালত তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার অর্থ পরিশোধের পর মামলার কার্যক্রম নিষ্পত্তি করা হয়েছে।