বৃহস্পতিবারও বন্ধ থাকবে রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয়

০৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে চারদিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনাও ঘটছে। এছাড়া, জেলার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাঙামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবারও বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়। রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মো. কফিল উদ্দিন আরো বলেন, “বিশেষ করে জেলার বরকল, জুরাছড়ি, লংগদু, বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াতের পথে কর্ণফুলী হ্রদ এবং বিভিন্ন পাহাড়ি ছড়া অতিক্রমে বড় ধরণের ঝুঁকি রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয় প্রাঙ্গণে বৃষ্টির পানি জমে গেছে এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।”