লেনদেন যাচাইয়ে ৬ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পরিদর্শন

০৯ জুলাই, ২০২৬

রাষ্ট্রীয় মালিকানার একটি ব্যাংকের বৈদেশিক পরিশোধে অনিয়মের অভিযোগের পর নস্ট্রো হিসাবের লেনদেন যাচাইয়ে ছয়টি ব্যাংকে বিশেষ পরিদর্শন শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি পৃথক ছয়টি পরিদর্শন দল এ কার্যক্রম শুরু করে।

পরিদর্শনের আওতায় রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও এইচএসবিসি বাংলাদেশ। এসব ব্যাংকের ট্রেজারি ও তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাণিজ্য, রেমিট্যান্স এবং অন্যান্য বৈদেশিক মুদ্রা লেনদেন পরিচালনার জন্য বিদেশে পরিচালিত নস্ট্রো হিসাবের সব ধরনের লেনদেন সঠিক নিয়মে হচ্ছে কি না, তা যাচাই করাই এ বিশেষ পরিদর্শনের মূল উদ্দেশ্য। এ সময় নস্ট্রো হিসাবে অর্থ জমা, পরিশোধ, স্থিতি এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে।

এ ছাড়া সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে কোনো গ্রাহকের অনুকূলে অর্থ পরিশোধ করা হলেও তার নামে প্রয়োজনীয় দায় বা ঋণ সৃষ্টি করা হয়েছে কি না, সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে।

সূত্র আরও জানায়, সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানার একটি ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এমন তথ্য পেয়েছে যে, একজন গ্রাহকের অনুকূলে নস্ট্রো হিসাব থেকে অর্থ পরিশোধ করা হলেও তার নামে কোনো ঋণ বা দায় সৃষ্টি করা হয়নি। এ ঘটনার পর বিষয়টি যাচাই করতে পরীক্ষামূলকভাবে আরও কয়েকটি ব্যাংকে একই ধরনের বিশেষ পরিদর্শন চালানো হচ্ছে।

পরিদর্শনের আওতায় থাকা একটি বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় যে কোনো বিষয়ে পরিদর্শন চালাতে পারে। তবে নস্ট্রো হিসাব থেকে অর্থ পরিশোধ করে গ্রাহকের নামে দায় সৃষ্টি না করার সুযোগ সাধারণত থাকার কথা নয়। তাই কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করছে।