০৯ জুলাই, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের সোর্সের ওপর হামলার পরিকল্পনার অভিযোগে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক ব্যক্তিসহ সাতজনকে গ্রেফতারে করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদাবর থানা-পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা একটি মুরগির খামারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। একই সঙ্গে সম্প্রতি আদাবর এলাকায় ‘কিশোর গ্যাং’–সংশ্লিষ্ট বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল এবং মউরা সোহেলকে গ্রেফতারের প্রতিশোধ হিসেবে পুলিশের এক সোর্সের ওপর হামলার পরিকল্পনাও ছিল তাদের। এ জন্য স্থানীয়দের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকে ভাড়াটে লোকজন আনা হয়েছিল বলে পুলিশের দাবি।
অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও কয়েকজন ভুক্তভোগী জড়ো হন। তাঁরা এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করেন। তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, গ্রেপ্তার হলেও অভিযুক্তরা পরে জামিনে মুক্তি পেয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারে ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।