০৯ জুলাই, ২০২৬
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের আগ্রহ দিন দিন বাড়ছে। অনেকেই জানতে চাইছেন, সিনেমাটির শুটিং শেষ হয়েছে কি না। এখন পর্যন্ত ‘কিং’-এর শুটিং শেষ হয়নি। বর্তমানে ছবির শুটিং পুরোদমে চলছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন লোকেশনে শুটিং হবে এবং আগামী আগস্ট মাসে এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।
এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানকে। তাই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহও অনেক বেশি।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমার নির্মাণ ব্যয় প্রায় ৪৫০ কোটি রুপি বলে জানা গেছে। তবে এই বাজেটের মধ্যে প্রচার-প্রচারণার খরচ এবং শাহরুখ খানের পারিশ্রমিক ধরা হয়নি।
নির্মাতারা জানিয়েছেন, ‘কিং’-এ থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য এবং উন্নত ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স)। ভিএফএক্সের কাজ করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
এটি সুহানা খানের প্রথম বড় পর্দার সিনেমা হওয়ায় নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন শাহরুখ। সিনেমাটি শুরুতে ছোট পরিসরে পরিকল্পনা করা হলেও পরে আরো বড় আকারে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘কিং’ শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের সিনেমা।
এর আগে ‘জাওয়ান’ সিনেমার বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’-এর বাজেট ছিল প্রায় ৩৫০ কোটি রুপি।
সিনেমাটিতে শাহরুখ ও সুহানা ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সংগীত পরিচালনা করছেন সচিন-জিগর।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।