নালার স্রোতে ভেসে তিন বছরের শিশুর মৃত্যু

০৯ জুলাই, ২০২৬

 

চট্টগ্রামের রাউজান উপজেলায় নালার পড়ে ভেসে গিয়ে তিন বছর বয়সী মো. মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই এলাকার মো. পারভেজ হোসেনের ছেলে। বুধবার উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নালার পানিতে পড়ে স্রোতে ভেসে মারা যায়

জানা যায়, রাউজানের স্থানীয় লোকজন জানান, বুধবার বিকেলে শিশুটির দাদা স্থানীয় দোকানে যাওয়ার জন্য ঘর থেকে বের হন।

এ সময় দাদার পিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে মোস্তাকিম। একপর্যায়ে সড়কের পাশের পানি নিষ্কাশন নালায় পড়ে যায় সে। টানা বর্ষণের কারণে নালায় তীব্র স্রোত থাকায় শিশুটি ভেসে যায়। পরে সড়ক দিয়ে যাওয়া এক সিএনজিচালিত অটোরিকশাচালক শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার বলেন, নালায় স্রোত থাকায় শিশুটি ভেসে যায়। আমি পরিষদে যাওয়ার পথে শিশুটিকে উদ্ধার করতে দেখে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে টানা বর্ষণে বাঁশখালীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েন।

কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এমন পরিস্থিতিতে আট মাস বয়সী এক শিশুকে বড় পাতিলে করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় ফায়ার সার্ভিস। ঘটনাটির ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক ফায়ার সার্ভিস সদস্য গলাসমান পানির মধ্যে টাঙানো রশি ধরে এগিয়ে যাচ্ছেন। তাঁর হাতে থাকা বড় পাতিলের ভেতরে শিশুটিকে রাখা হয়েছে।

পাশে থাকা আরেক সদস্য পাতিলের ওপর ছাতা ধরে শিশুটিকে বৃষ্টি থেকে রক্ষা করার চেষ্টা করছেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় কয়েকজন পানিবন্দী থাকার খবর পেয়ে আট সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে আটকে পড়া পাঁচ শিশু ও আট নারীকে উদ্ধার করে স্থানীয় আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। উদ্ধার অভিযানের সময় আট মাস বয়সী শিশুটিকে বড় পাতিলে করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়।