১০ জুলাই, ২০২৬
উত্তরা ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কসবা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কসবা প্রেসক্লাবের সামনে কসবা ব্যাংকার্স সোসাইটি ও কসবার ব্যাংকার্স ফোরাম যৌথভাবে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন।
মানববন্ধনে কসবা ব্যাংকার্স ফোরাম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এবং কসবা ব্যাংকার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম কামরুজ্জামান শিবলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ম্যানাজার মো. ছানাউল হক সরকার, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. নুরুল আলম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. আবদুল্লাহ হিল বাকী, কসবা ব্যাংকার্স সোসাইটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কসবা ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক মো. সফিউল্লাহ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, ব্যাংকার্স ফোরামে যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান মোল্লা, কর্মসংস্থান ব্যাংকের ব্যাবস্থাপক মো. এরশাদুল হক, সোনালী ব্যাংক কর্মকর্তা মো. সাইদুর রহমান তুষার, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা।
উল্লেখ্য, নিহত মো. আরিফুল ইসলাম (৪৫) উত্তরা ব্যাংক লিমিটেডের কসবা উপজেলার গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। কর্মস্থলের কারণে তিনি গোপীনাথপুর গ্রামের জহির মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম শেষে গোপীনাথপুর বাজার অতিক্রম করার পর একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাসেদ বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে গোপীনাথপুর গ্রামের আলী মিয়া ও তার স্ত্রীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।