১০ জুলাই, ২০২৬
নেত্রকোনায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। এসময় তিন দালালকে অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয। এছাড়াও ৫ নারীকে আটকের পর ভবিষ্যতে দালালি না করার শর্তে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, নাছির উদ্দীন (২৫), জুবায়ের (৩০) ও মিদুল (২৫)। তারা নিজেদের দোষ স্বীকার করায় প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক। এছাড়াও অভিযানে ছাবিনা (৩৫), মোমেনা (৪০), ফাতেমা খাতুন (৬০), রেনু (৪০) ও রেজিয়াকে (৪৫) আটক করলে তারা ভবিষ্যতে হাসপাতাল এলাকায় কোনো ধরনের দালালি কার্যক্রমে জড়িত হবেন না এই মর্মে লিখিত মুচলেকা দেওয়ায় আটকদের সতর্ক করে মুক্তি দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের পরিচালনায় মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্বপ্রিয় মজুমদার। তারা সাধারণ রোগীদের হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করে হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম স্বচ্ছ রাখতেই এই অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার হঠাৎ করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অভিযান চালানোর সময় তিন পুরুষ ও পাঁচ নারী দালালকে শনাক্ত করেন। এসময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে নারীদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় উপজেলার সাধারণ মানুষের মাঝে স্থানীয় প্রশাসনের প্রতি আস্থা বেড়েছে।
ইএনও জানান, সরকারি হাসপাতালকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে প্রশাসনের এমন অভিযান সামনেও নিয়মিত অব্যাহত থাকবে।