পাবনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

১০ জুলাই, ২০২৬

পাবনার চাটমোহর উপজেলায় এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থানের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

​নিহত নাসের আলী (৪৪) উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

​স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার রাতে বোয়াইলমারী গোরস্থানের পাশে নাসের আলীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক ভাবে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে পেয়ে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

​চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গলা কাটা অবস্থায় নাসের আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অজ্ঞাত দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা রজু হয়েছে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক। তিনি জানান, হত্যাকাণ্ডটি অত্যন্ত বর্বর। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।