এমবাপ্পের পেনাল্টি মিস, গোলশূন্য সমতায় শেষ প্রথমার্ধ

১০ জুলাই, ২০২৬

মরক্কো এখন আর শুধু আফ্রিকার নয়; বিশ্ব ফুটবলেরই যে পরাশক্তি হয়ে উঠেছে, সেটাই যেন প্রমাণ করতে খেলতে নেমেছে।

যে ফ্রান্স গোল করাকে মুড়ি-মুড়কির মতো ব্যাপার বানিয়ে ফেলেছে, যে ফ্রান্স এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল (১৪টি) করেছে, সেই তাদেরই মরক্কোর বিপক্ষে একটা গোল পেতেই ঘাম ছুটে যাচ্ছে!

বোস্টনে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে প্রথম সুবর্ণ সুযোগ ফ্রান্সই পেয়েছিল।

নুসাইর মাজরাউয়ি নিজেদের বক্সে কিলিয়ান এমবাপ্পেকে ফেলে দিলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো। 

কিন্তু ২৮ মিনিটে নেওয়া স্পট কিক থেকে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে। নিজের বাঁ দিকে ঝাপিয়ে পড়ে ফরাসি অধিনায়কের শট রুখে দেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু।

এরপর আরেকটি সুযোগ সৃষ্টি করেছিলেন দেজিরে দুয়ে।

এ দফায়ও বাধা হয়ে দাঁড়ান বুনু।প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস দিনিয়ের শট বারে লেগে ফিরলে হতাশা নিয়েই বিরতিতে যেতে হয় ফরাসিদের।