চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

১০ জুলাই, ২০২৬

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় আগুনের সূত্রপাত হয়।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার সিনহুয়ার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জিনজিয়াংকে চীনের জুতা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বজুড়ে উৎপাদিত স্পোর্টস জুতার (কেডস ও স্নিকার্স) প্রায় ২০ শতাংশই এই শহরের বিভিন্ন কারখানায় তৈরি হয়। তাই শিল্প উৎপাদনের দিক থেকে শহরটি আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে।

সিনহুয়ার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, জিনজিয়াংয়ের একটি ভবন থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে ও কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, খবর পেয়ে শত শত উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং সেখান থেকে দুই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে কারখানার নিচতলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে; যেখানে দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়েছিল।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ এরই মধ্যে কারখানার মালিকপক্ষের হয়ে কাজ করা কয়েকজন কর্মচারীকে আটক করেছে। সেই সেঙ্গ প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় গভীর শোক জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এই হতাহতের জন্য দায়ীদের অবশ্যই ‘কঠোর জবাবদিহির’ আওতায় আনা হবে।

গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুনে ১৬৮ জনের মৃত্যুর পর চীনা কর্তৃপক্ষ দেশজুড়ে বহুতল ভবনগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর নিয়ম ও তদারকি শুরু করেছে।