বাফুফেকে ১ হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান হাইকমিশন

১০ জুলাই, ২০২৬

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ঢাকার পাকিস্তান হাইকমিশন যৌথভাবে ফুটবলের প্রতি পারস্পরিক ভালোবাসা উদ্‌যাপনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে ৮ জুলাই বাফুফে ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের কাছে ১ হাজার উন্নত মানের ‘মেড ইন পাকিস্তান’ ফুটবল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনার বলেন, পাকিস্তানের শিয়ালকোট বিশ্বজুড়ে প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস সামগ্রী ও ফুটবল তৈরির জন্য বিশেষভাবে পরিচিত। ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বলগুলো তৈরি করার গৌরবও অর্জন করেছে এই শিয়ালকোট। পাকিস্তানের ফুটবল উৎপাদন শিল্প তার গুণগত মান ও আধুনিকতার জন্য বিশ্বখ্যাত। তিনি আশা প্রকাশ করেন, এই বিশ্বমানের বলগুলো বাংলাদেশের তরুণদের ফুটবলের প্রতি উৎসাহ ও উদ্দীপনাকে আরও বাড়িয়ে দেবে।

হাইকমিশনার এবং বাফুফে সভাপতি ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা করেন। তারা একমত হন যে, খেলাধুলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের যোগাযোগ আরও দৃঢ় হবে। আলোচনায় স্পোর্টস মেডিসিন, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, স্পোর্টস কমার্স, দক্ষতা বৃদ্ধি এবং কলেজ/বিশ্ববিদ্যালয় ফুটবল দলের পারস্পরিক সফরের মতো বিষয়গুলো উঠে আসে।

এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বাফুফে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করে। হাইকমিশনার ইমরান হায়দার নারী খেলোয়াড়দের চমৎকার প্রতিভা এবং প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন।

পাকিস্তানের এই উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণ ফুটবলারদের ফুটবল চর্চায় এই বলগুলো দ্রুত সারা দেশে বিতরণ করা হবে।