১০ জুলাই, ২০২৬
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন দুই পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
তিন বছরের জন্য নিয়োগ পাওয়া পরিচালকরা হলেন- কে এম জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞ পেশাজীবীদের সম্পৃক্ত করার অংশ হিসেবে এ নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির করপোরেট সুশাসন ও ব্যবস্থাপনায় দক্ষতা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
নবনিযুক্ত পরিচালক কে এম জাকারিয়া বর্তমানে বাংলালিংকের স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। টেলিযোগাযোগ, দ্রুত ভোগ্যপণ্য (এফএমসিজি), উৎপাদনশিল্প, অর্থায়ন, সাপ্লাই চেইন ও আর্থিক সেবা খাতে তার তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
অন্যদিকে, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী একজন চার্টার্ড হিসাববিদ। তিনি বর্তমানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান কেএম আলম অ্যান্ড কোম্পানির অংশীদার এবং ডিবিএলের অ্যাকসেসরিজ বিভাগের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অবৈতনিক অর্থ সম্পাদক হিসেবেও যুক্ত রয়েছেন। দেশি-বিদেশি বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে তার প্রায় ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে।
এর আগে ব্যাংকটির কার্যক্রম এগিয়ে নিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আবেদুর রহমান সিকদারকে নিয়োগ দেওয়া হয়। সরকারের সুপারিশের পর বাংলাদেশ ব্যাংক তার নিয়োগ অনুমোদন করেছে। চলতি সপ্তাহেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমানে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন নেতৃত্ব ও পরিচালনা পর্ষদের মাধ্যমে একীভূতকরণ প্রক্রিয়া আরো গতি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।